চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

মোঃ জাবেদ হোসেন:চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬ খ্রি.) চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া গ্রামের কাজী বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মনির হোসেন কাজী (৪৬) ও সাহাদাৎ গাজী (২৪) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মনির হোসেন কাজী উত্তর বালিয়া (কাজী বাড়ী) এলাকার মৃত রফিকুল ইসলাম কাজীর ছেলে এবং সাহাদাৎ গাজী একই এলাকার মৃত নুরুল ইসলাম গাজীর ছেলে।
অভিযানকালে তাদের কাছ থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উত্তর বালিয়া গ্রামের কাজী বাড়িতে মো. মনির হোসেন কাজীর নিজ দখলীয় বসতঘরের দক্ষিণ-পূর্ব পাশের শয়নকক্ষে অভিযান চালিয়ে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেট থেকে ৫০ পিস এবং অপর একটি প্যাকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া একটি সিনথেটিক বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *