থাই গ্লাস ভাঙার দ্বন্দ্বে নিরাপত্তা প্রহরী খুন: ঠাকুরগাঁওয়ে সাবেক সহকর্মী গ্রেপ্তার

জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে সার্ভিসিং সেন্টারের নিরাপত্তা প্রহরী আব্দুর রহমান (৫৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। জানালার থাই গ্লাস ভাঙার ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের সাবেক সহকর্মী জুয়েলকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঢাকা-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন একটি সার্ভিসিং সেন্টারের সীমানা প্রাচীরের ভেতর থেকে আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালপাড়া এলাকায় নিজ নানার বাড়ি থেকে সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত বাইসাইকেল, মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠি উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান, অভিযুক্ত জুয়েল পূর্বে ওই সার্ভিসিং সেন্টারে কর্মরত ছিলেন। চাকরিকালীন একটি জানালার থাই গ্লাস ভাঙাকে কেন্দ্র করে ক্ষতিপূরণের টাকা নিয়ে আব্দুর রহমানের সাথে তার তীব্র বাকবিতণ্ডা ও শত্রুত সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই সুযোগ বুঝে আব্দুর রহমানকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত আব্দুর রহমানের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জুয়েলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *