অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আর নেই, রাজারবাগে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা

মোঃ জাবেদ হোসেনঃবাংলাদেশ পুলিশের ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
মরহুম স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মোহাম্মদ সাইফুল মালিক ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকায় কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, সহকর্মী এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁকে অফিসিয়াল ফিউনারেল বা রাষ্ট্রীয় পুলিশি মর্যাদা প্রদান করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নিজ গ্রাম মুকিমাবাদে পারিবারিক কবরস্থানে মরহুম মোহাম্মদ সাইফুল মালিককে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বাহিনী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *