বটিয়াঘাটা উপজেলায় শৈলমারী নদীসিএস ও এসএ ম্যাপ অনুসারে খননের দাবিতে এমপির কাছে এলাকাবাসীর আবেদন।
ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর বটিয়াঘাটা ইউনিয়নের ৮ নম্বর হোগলবুনিয়া মৌজার একাধিক বাসিন্দা শৈলমারী নদীর খনন কার্যক্রম সিএস (C.S.) ও এসএ (S.A.) ম্যাপ অনুসারে পরিচালনার দাবিতে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, সরকার শৈলমারী নদী খননের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানালেও তাঁদের দাবি, প্রচলিত সিএস ও এসএ ম্যাপ অনুসরণ না করে নতুনভাবে জরিপ করে নদীর সীমানা নির্ধারণ করা হচ্ছে। এতে তাঁদের পৈত্রিক মালিকানাধীন জমির ওপর দিয়ে নদীর সীমানা নির্ধারণ করে পিলার (প্লাগ) স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনকারীদের ভাষ্য অনুযায়ী, এভাবে খননকাজ পরিচালিত হলে তাঁদের দীর্ঘদিনের পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে নদী খনন করা হবে, যার ফলে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। তারা আরও জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে বর্তমানে পার্টিশন ও দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। মামলার নম্বর দেওয়ানি মামলা নং-৩০০/২০২১।
আবেদনপত্রে উল্লেখিত তফসিল অনুযায়ী, সিএস খতিয়ান নং-১৫৮, এসএ খতিয়ান নং-৩৪৯ এবং এসএ দাগ নং-১১৮৫, ১১৮৬ ও ১১৮৯ (আরএস দাগ নং-২৫৩৫, ২৫৩৬ ও ২৫৩৮) মিলিয়ে মোট প্রায় ৯.৮৯ একর জমি নিয়ে বিরোধ রয়েছে।
আবেদনকারীরা শৈলমারী নদীর বর্তমান খনন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে পুনরায় সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদীর প্রকৃত অবস্থান নির্ধারণ করে খননকাজ পরিচালনার জন্য সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন।
আবেদনপত্রে নির্মূল রায়, প্রীতীশ রায় ও রতন রায়সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট খনন প্রকল্প কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে

