খুবিতে “কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম: দিক ও দর্শন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে ‘কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম: দিক ও দর্শন’ শীর্ষক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুন (শনিবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজী ইমদাদুল হক বিংশ শতাব্দীর বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে অন্যতম। তিনি বাঙালি মুসলিম সমাজে শিক্ষা বিস্তারের লক্ষ্যে, বিশেষ করে ইংরেজি শিক্ষার গুরুত্ব তুলে ধরে সাহিত্য রচনা করেছেন। তিনি একাধারে শিক্ষাবিদ, সাংবাদিক ও সাহিত্যিক ছিলেন। বাঙালি মুসলমানের সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। আজকের সেমিনারে উপস্থাপিত প্রবন্ধগুলো তাঁর সাহিত্যকর্মের নানা দিক বিশ্লেষণ করেছে, যা শিক্ষার্থীদের তাঁর সাহিত্য সম্পর্কে আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, কাজী ইমদাদুল হক খুলনা অঞ্চলের কৃতী সন্তান। তিনি তৎকালীন মুসলিম সমাজে আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আবদুল্লাহ উপন্যাসে বিংশ শতাব্দীর শুরুর দিকের মুসলিম সমাজের বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে।
বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গ্রন্থাগারিক (চলতি দায়িত্ব) ও ‘উত্তরাধিকার’ এর সহকারী সম্পাদক আসাদ আহম্মেদ।
সেমিনারে কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক ড. ইমরান কামাল। বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. আসমা ইয়াসমীন রুনা ও সহকারী অধ্যাপক অন্তরা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক বিপ্লব রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক শাকিলা আলম।
দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে কলা ও মানবিক স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও বাংলা ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *