মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান…..

মোঃ জাবেদ হোসেনঃ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, চাঁদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন বহন করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে র‌্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও র‌্যালিতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম-খতিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ। তাঁদের উপস্থিতিতে র‌্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।
র‌্যালিতে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের সুস্থ, সুন্দর ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হবে।
এবারের আন্তর্জাতিক দিবসের প্রতিপাদ্য ছিল “World Drug Problem: Persisting, New Challenges, Innovative Responses” (বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান)। এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *