ঝিনাইদহে বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন সাবেক মেম্বার সাজু
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) হাদী উজ্জামান সাজু বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে সাধুহাটি পরশ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দলে যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হদী উজ্জামান সাজু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার পর তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সদর থানা জামায়াতের সেক্রেটারি আলী আহসান মোজাহিদ। এছাড়া ১নং সাধুহাটি ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মিজানুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি আলম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, হাদী উজ্জামান সাজুর যোগদানের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পরে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।##

