চাঁদপুরে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
সভায় জেলার সনাতন ধর্মাবলম্বীসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন পূজা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরলে পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান বলেন, “চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রয়েছে। সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে পুলিশ জনগণের পাশে থাকবে।”
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বাবু তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *