কালীগঞ্জে আ’লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর আড়পাড়া এলাকার বাড়িতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে সাবেক মেয়র বিজু সেখান থেকে পালিয়ে যান বলে দাবি পুলিশের।

এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মোস্তাক আহম্মেদ লাভলু, মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাবিরুল ইসলাম নান্নু, পৌর শ্রমিক লীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক নওশের আলী, শ্রমিক লীগের সদস্য আশরাফুল শেখ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম, মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক সবুজ হোসেন এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন,মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় উপস্থিত কয়েকজন নেতাকর্মী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং পুলিশের কাজে বাধা দেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *