অর্থনৈতিক অঞ্চল ও রেললাইন সম্প্রসারণের সিদ্ধান্তে পিরোজপুরবাসীর স্বপ্নপূরণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
পিরোজপুর জেলা বিএনপির আনন্দ মিছিল
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং রেললাইন সম্প্রসারণের ঐতিহাসিক সিদ্ধান্তে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুর দীর্ঘদিন ধরে শিল্পায়ন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পিছিয়ে ছিল। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং রেললাইন সম্প্রসারণের সিদ্ধান্ত এ জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং পিরোজপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে জেলার বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধি পাবে, নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।এ সময় নেতৃবৃন্দ পিরোজপুরের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

