বাগেরহাটে কৃষি বিপ্লব সম্ভব, গড়ে তোলা হবে নারকেল ও চিংড়ি গবেষণা কেন্দ্র: এমপি রাহাদ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, বাগেরহাট বাংলাদেশের একটি সম্ভাবনাময় জেলা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদসহ নানা পর্যটন সম্ভাবনার পাশাপাশি এ জেলার উর্বর মাটি কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত উপযোগী। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাগেরহাটে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব।

শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত পার্টনার ফিল্ড কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, বাগেরহাটে নারকেল গবেষণা কেন্দ্র ও চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি তরুণ ও বেকার জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, কৃষি খাতে বাগেরহাটের উৎপাদিত ধান ও পাট দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ জেলা। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে বাগেরহাটের কৃষিকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে সবাইকে নিয়ে কাজ করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত রিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত ও প্রবীণ সাংবাদিক মোল্লা আব্দুর রব।

এ সময় জেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *