ঝিনাইদহে আ.লীগ-বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৮

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে তজিবার মোল্লার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বিরোধ ও সংঘর্ষের সৃষ্টি হয়। ওই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বজলুর রহমানের ছোট ভাই মো. রকিবুল ইসলাম গুরুতর আহত হন।
এরই জের ধরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মশিউর রহমানের সমর্থকদের সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল এবং কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বজলুর রহমান বলেন, এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়। পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে।
অন্যদিকে বিএনপি নেতা মশিউর রহমান অভিযোগ করে বলেন,গতকাল মাছ ধরা নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছিল। তারই জের ধরে আজ সকালে আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে আমাদের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আমার অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন।
সংঘর্ষের পর থেকে বোয়ালিয়া গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসিত কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *