খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ০৮ জুন (সোমবার) সকাল ১১টায় পরীক্ষা চলাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনের বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য সংশ্লিষ্ট অনুষদের ডিনদের সঙ্গে পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বাতন্ত্র্য হলো সেশনজটমুক্ত একাডেমিক কার্যক্রম। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং সেই শিক্ষার্থীদের প্রথম টার্মের পরীক্ষাও বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও প্রথম বর্ষের ক্লাস শুরু না হলেও খুলনা বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম পরিচালনায় একধাপ এগিয়ে রয়েছে।
পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *