প্রশংসনীয় অবদানে ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত

মোঃ জাবেদ হোসেনঃ ঢাকা, ৮ জুন: সম্প্রতি আলোচিত তিনটি ঘটনায় দ্রুত আসামি গ্রেফতার, তদন্তে সাফল্য এবং বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত তিনটি ঘটনার মধ্যে রয়েছে রাজধানীর পল্লবী থানার রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ ভূমিকা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন।
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে দ্রুত আসামি গ্রেফতার, ডিএনএ পরীক্ষা, পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন এবং সফল তদন্ত পরিচালনায় অবদানের জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন, এসআই অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ সদস্যকে পুরস্কৃত করা হয়।
এদিকে ঈদুল আজহার পর দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্ব পালনকালে ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে অন্তত ৫০ জনের জীবন রক্ষায় ভূমিকা রাখায় মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আবুজার গিফারীসহ তিনজন নৌ পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
অন্যদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী থেকে উদ্ধার হওয়া এক কিশোরীর লাশের পরিচয় শনাক্ত এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় এক দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও চারজন আসামিকে গ্রেফতারের ঘটনায় পিবিআই মুন্সীগঞ্জের এসআই রনি দেবনাথসহ তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, আইজিপি মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *