চাঁদপুর জেলা পুলিশের পৃথক অভিযানে চোরাই
মোটরসাইকেলসহ চোর ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলা পুলিশের পৃথক অভিযানে কচুয়া ও ফরিদগঞ্জ থানায় ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১৭ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টায় ১নং সাচার ইউনিয়নের বায়েক মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ জুয়েল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা (আমানিয়া প্রধানীয়া বাড়ি) এলাকার মোঃ ইলিয়াসের ছেলে।
অপরদিকে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের দিকনির্দেশনায় এএসআই মাসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ ১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১২টায় ফরিদগঞ্জ উপজেলার চরমঘুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চুরি মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন মিয়া চরমঘুয়া এলাকার সেলিম মিয়া ওরফে নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
চাঁদপুর জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

