চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম হত্যা; ৬ বছর পর আদালতের রায়

মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে ট্রলি চালক ওয়াসিম বেপারী (২৬) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরিফ হোসেন বেপারী (৪৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মো. কামাল হোসাইন এই রায় ঘোষণা করেন।
নিহত ওয়াসিম বেপারী মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির মৃত সাহেব আলী বেপারীর ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন বেপারী একই গ্রামের তৈয়ব আলী বেপারীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিজানুর রহমান ওরফে বালু মিজানের পরিবারের সঙ্গে ওয়াসিমের পরিবারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে ২০২০ সালের ২৯ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বাড়ির পাশের সেচ প্রকল্পের বাঁধসংলগ্ন ঝোপে ফেলে রাখা হয়।
পরদিন সকালে পরিবারের সদস্যরা ওয়াসিমের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় ২০২০ সালের ৩০ জুন নিহতের মা জাহানারা বেগম (৬০) বাদী হয়ে মতলব উত্তর থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— মিজানুর রহমান ওরফে বালু মিজান (৪৫), আরিফ হোসেন বেপারী (৪৩), মো. আজাদ বেপারী (৪০), মো. করিম বেপারী (৩৮), সালমা বেগম (২৭) ও মো. কুদ্দুছ বেপারী (২৫)।
মামলাটির তদন্ত করেন তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল। তদন্ত শেষে তিনি ২০২১ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন জানান, মামলাটিতে আদালত ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, নথিপত্র পর্যালোচনা এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক আরিফ হোসেন বেপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট হারুনুর রশিদ। আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট জাবির হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *