চাঁদপুর সদর মডেল থানায় বার্ষিক পরিদর্শন: পেশাদারিত্ব ও সেবার মানোন্নয়নে জোর দিলেন পুলিশ সুপার রবিউল হাসান
মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা এবং পুলিশি সেবার মান উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর সদর মডেল থানায় বার্ষিক পরিদর্শন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
রবিবার (০৩ মে ২০২৬ খ্রিঃ) সকালে তিনি চাঁদপুর সদর মডেল থানায় পৌঁছালে থানার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় পুলিশের সদস্যদের সুশৃঙ্খল উপস্থিতি ও আন্তরিকতা পরিদর্শন কার্যক্রমে বিশেষ মাত্রা যোগ করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় থানার রেজিস্টারপত্র, মামলা ব্যবস্থাপনা, জিডি কার্যক্রম, তদন্তের অগ্রগতি, মালখানার ব্যবস্থাপনা, হাজতখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। তিনি প্রতিটি ক্ষেত্রে যথাযথ নিয়মনীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মোঃ রবিউল হাসান থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনসেবাই পুলিশের প্রধান দায়িত্ব। জনগণের আস্থা অর্জনের জন্য সততা, দক্ষতা ও পেশাদারিত্বের বিকল্প নেই। তিনি নির্দেশনা দেন, যেন থানার প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখেন।
তিনি আরও বলেন, থানায় আগত সেবা প্রত্যাশী মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। দ্রুত ও মানসম্মত সেবা প্রদান, অভিযোগ গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শনের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ সুপার থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, বাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করা হলে তাদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। এ বিষয়ে তিনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাহির আসেফসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা পুলিশি কার্যক্রমে গতিশীলতা আনবে এবং সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে।

