অসুস্থতার কারণে বাস্তবতা বুঝতে পারতেন না- ধাওয়া ও আতঙ্কের মাঝে ঝিনাইদহে প্রাণ হারালেন মাসুদ

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওবায়দুল হক মাসুদ নামে এক যুবক, যিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নগর বাথান ঘোষপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানের ছেলে।
পরিবারের দাবি, মাসুদ নিয়মিত মানসিক রোগ বিশেষজ্ঞের চিকিৎসাধীন ছিলেন এবং তার অসুস্থতার ধরন ছিল এমন যে, সমস্যা দেখা দিলে তিনি আশপাশের মানুষজনকে চিনতে পারতেন না। এমনকি সামনে যা পেতেন, সেটিকেই নিজের বলে মনে করতেন। পরিবারের আরও অভিযোগ, কেউ তার পাশে ব্যক্তিগত কোনো জিনিস রাখলেও তিনি সেটাকে নিজের মনে করতেন। অতীতেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে বলে তারা জানান।
ঘটনার সময় তিনি কী পরিস্থিতিতে মোটরসাইকেলে উঠেছিলেন, তা স্পষ্ট না হলেও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার পাগলাকানাই বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে চলে যান তিনি। এ সময় মোটরসাইকেলের মালিক বিষয়টি বুঝতে পেরে তাকে ধাওয়া করলে আতঙ্কিত হয়ে আরও দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন মাসুদ।
একপর্যায়ে কুমড়োবাড়িয়া ইউনিয়নের নগর বাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। স্থানীয়দের একাংশ মোটরসাইকেল নেওয়ার অভিযোগ তুললেও পরিবারের দাবি, এটি কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না বরং তার দীর্ঘদিনের মানসিক অসুস্থতার ফল। তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন।
সবকিছু মিলিয়ে এক অসুস্থ ও অসহায় যুবকের এই করুণ মৃত্যু ঝিনাইদহজুড়ে গভীর শোক ও আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *