চাঁদপুর শহরে বিদ্যুতের খুঁটি ঘিরে ভয়াবহ যানজট, দুর্ভোগে জনসাধারণ
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর শহরের পুরান আদালত পাড়া ও নতুন বাজার পুলিশ ফাঁড়ির প্রবেশমুখে একটি বিদ্যুতের খুঁটির কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ব্যস্ত এই সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে খুঁটিটি রাস্তার প্রায় মাঝামাঝি অবস্থান করায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, প্রবেশমুখে স্থাপিত বিদ্যুতের খুঁটিটি রাস্তার প্রশস্ততা কমিয়ে দিয়েছে। এতে বড় যানবাহন যেমন ট্রাক ও কাভার্ডভ্যান প্রবেশের সময় একপ্রকার থেমে যেতে বাধ্য হচ্ছে। অন্যদিকে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা খুঁটির পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ফলে প্রতিনিয়ত ছোট-বড় যানবাহনের চাপ বাড়ছে এবং মুহূর্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
বিশেষ করে অফিস সময় ও বাজারের ব্যস্ত সময়ে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের সময় নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে জরুরি সেবাদানকারী যানবাহনও এই জটের কারণে আটকে পড়ছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, খুঁটিটি যদি কিছুটা ভেতরের দিকে সরিয়ে নেওয়া হয়, তাহলে রাস্তার প্রবেশমুখ অনেকটাই প্রশস্ত হবে এবং যানজটের সমস্যা অনেকাংশে কমে আসবে। আশপাশে খুঁটি স্থানান্তরের জন্য পর্যাপ্ত জায়গা থাকলেও দীর্ঘদিন ধরে বিষয়টি অমীমাংসিত রয়েছে বলে অভিযোগ তাদের।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে চাঁদপুর বিদ্যুৎ বিভাগ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। একটি ছোট উদ্যোগই এই গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান এনে দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে দায়িত্বশীলদের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

