খুবিতে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’কৃত ১০টি ডিসিপ্লিনের চূড়ান্ত আবেদন প্রস্তুতির অংশ হিসেবে সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরির সার্বিক অগ্রগতি পর্যালোচনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য ক্লাস্টার-১ ভুক্ত ১০টি ডিসিপ্লিনের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রস্তুতির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।
উপাচার্য বলেন, অ্যাক্রেডিটেশন শুধু একটি সনদ নয়, এটি একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার গুণগত মান, গবেষণার উৎকর্ষতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। খুলনা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে যে একাডেমিক ও গবেষণামুখী অগ্রগতি অর্জন করেছে, তার ভিত্তিতেই আমরা এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবো।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহ অ্যাক্রেডিটেশন অর্জন করতে পারলে তা দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পাঠদান, মূল্যায়ন ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৈশ্বিক পরিসরেও বিস্তৃত হবে। এ লক্ষ্যে প্রতিটি ডিসিপ্লিনকে নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা সঠিকভাবে চিহ্নিত করে বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
সভায় ১০টি ডিসিপ্লিনের প্রধান, সিনিয়র শিক্ষকবৃন্দ এবং আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *