জুলাই সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে রাজনৈতিক দলগুলো বাধ্য না: সালাহউদ্দিন
স্টাফ রিপোটার: জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মানার বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে লিখিত বক্তব্য পাঠ করে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানান খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মানার বাধ্যবাধকতা থাকবে না। সে ক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারের ওপর বর্তাবে,’ যোগ করেন তিনি। এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
একই কথা পুনর্ব্যক্ত করে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দফায় কিছু নোট অব ডিসেন্ট আছে। সেই নোট অব ডিসেন্টগুলোর ক্ষেত্রে সনদে বলাও আছে যে, দলগুলো যদি নির্বাচন ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যানডেট পায়, নোট অব ডিসেন্টগুলো তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখানে আমরা শতভাগ একমত, এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা স্বাক্ষরিত সনদের বাইরে নাই। কিন্তু যেভাবে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে, তার মধ্যে নোট অব ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নেই। একদম নেই।’ ‘শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে ৪৮টি দফা দিয়ে তারা একটি তফসিল করেছে। সেই তফসিলে প্রস্তাবগুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে। জাতীয় ঐকমত্যের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের ওপরে জনগণের সম্মতি নেওয়ার জন্য আমরা রাজি হয়েছিলাম, সে জায়গায় আমরা আছি।’ রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই। কিন্তু যদি এখন কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে—আইন হবে না সেটা,’ যোগ করেন তিনি।
গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আলোচনার সুযোগ আছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সে ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে। রাজপথে তো নয়!’

