গাজীপুরে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাতের গাড়িবহরে হামলা

গাজীপুর প্রতিনিধি:
গতকাল রবিবার গাজীপুর থেকে ঢাকা ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুরের এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তায় এ বিক্ষোভ করেন তারা।

সারজিস তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কমেন্টে লোকেশন দিচ্ছি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক সানিউল আলম নাবিল বলেন, ওনারা যে এদিকে আসবেন আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। গাজীপুরে তার কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। তবে এনসিপির গাজীপুরের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জানেন কিনা, তা আমরা জানি না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানান, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তাদের গাড়িবহর যানজটে আটকে থাকাবস্থায় ৪-৫টি মোটরসাইকেলে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিড ভেঙে যায়। পরে তার কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, হামলাকারীদের খুঁজে বের করতে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *