কোনও আশঙ্কা নেই, নির্বাচন ‘শতভাগ সুষ্ঠু’ হবে: সিইসি

অপরাধ তথ্যচিত্র ডেক্স: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘আমরা শতভাগ বিশ্বাস করি যে, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। এখানে অন্য কারো আশঙ্কা প্রকাশ করার কোনো কারণ নেই।’ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন নিয়ে বুধবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা-উপজেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইভিএম নিয়ে সিইসি বলেন, ‘ইভিএমের বিষয়টি পুনর্বিবেচনা করার সুযোগ নেই। ইভিএমের মাধ্যমেই নির্বাচন করা হবে। কারণ আমরা দেখেছি, পূর্বে ইভিএমের মাধ্যমে যেসব নির্বাচন করা হয়েছে তাতে ভালো ফলাফল পাওয়া গেছে। তাছাড়া এ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করলে ভোটাররা সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’ এপ্রিলে রমজান মাস ও এইচএসসি পরীক্ষা। ফলে আগামী মার্চে চট্টগ্রাম সিটি করপোরেশন-চসিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *