আগামী বছর বাণিজ্য মেলা হবে পূর্বাচলে : প্রধানমন্ত্রী
অপরাধ তথ্যচিত্র ডেক্স: আগামী বছর (২০২১) থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর পূর্বাচলে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ইপিবির ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৫ বছরে পা রাখল বাণিজ্য মেলা। এবার ২১ দেশ মেলায় অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে- ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া। এবার মেলায় প্রবেশ করতে কিছুটা অতিরিক্ত মূল্য গুনতে হবে। মেলায় প্রবেশ টিকিটের দাম ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মোট টিকিটের ২৫ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। গত বছরের তুলনায় এবার ১৫৯ স্টল কমানো হয়েছে। গত বছর ৬৩০ স্টলের পরিবর্তে এবার করা হয়েছে ৪৮৩টি। অর্থাৎ স্টল কমেছে ১৫৯টি। এবারের স্টলের মধ্যে রয়েছে ১১২টি প্যাভিলিয়ন, ১২৮ মিনি প্যাভিলিয়ন এবং ২৪৩টি বিভিন্ন ক্যাটাগরির স্টল। বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

