হরিরামপুরে স্কুল ছাত্র প্রতিবন্ধী রুবেল আজও পায়নি তার প্রতিবন্ধী ভাতা
আনোয়ার হোসেন চৌধুরী (বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ) : বিচিত্র এ পৃথিবীতে আল্লাহ কত ধরণের মানুষই না সৃষ্টি করেছেন। সুস্থ স্বাভাবিক মানুষের বিপরীতে অসুস্থ প্রতিবন্ধী মানুষের সৃষ্টি করেছেন মহান সৃষ্টিকর্তা। এমনি একজন প্রতিবন্ধী মোঃ রুবেল, পিতা-মোঃ চান মিয়া। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়ায় তার বাস। সে জন্ম থেকেই প্রতিবন্ধী। বর্তমানে রামকৃষ্ণপুর এম,এ,জলিল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। কোন এক সংস্থা থেকে প্রাপ্ত হুইল চেয়ারে সে চলাফেরা করে। বাবা-চান মিয়া একজন দিনমজুর। অভাবগ্রস্থ এ সংসারে রুবেল মিয়ার লেখাপড়া ও অন্যান্য সবকিছুই কষ্টকর। রুবেলের মা আছমা বেগম প্রতিবেদককে জানান, রুবেলের মায়ের ভাষায় রুবেল জন্মসূত্রে প্রতিবন্ধী হওয়া স্বত্ত্বেও এবং বহু সংস্থায় ধন্না দিয়েও এমনকি সরকার কর্তৃক কোন প্রতিবন্ধী ভাতা বা কোন অনুদান পায়নি। রুবেল লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হতে চায়। আমাদের গরীব মানুষের পক্ষে তাকে উচ্চ শিক্ষিত করা সম্ভব নয়। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে এবং যে কোন দাতা সংস্থার কাছে রুবেলের জন্য সহযোগিতা কামনা করছি।
