তিন সিটি নির্বাচন : জাতিসংঘের মতামতের সমালোচনায় সেতুমন্ত্রী
মানিকগঞ্জ: সদ্য সম্পন্ন ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশ যে মতামত দিয়েছে তার সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশ যেভাবে তাদের মতামত ব্যক্ত করেছে তা বিশ্বের কোনো দেশের ক্ষেত্রে ঘটে না। পার্শ্ববর্তী ভারতের নির্বাচনে সাতজন মারা গেলেও তারা এভাবে কোনো মন্তব্য করেন নি। বাংলাদেশের বেলায়ই এমনটি করা হচ্ছে।’
সোমবার বিকেলে মানিকগঞ্জ-সিংগাইর-ঢাকা আঞ্চলিক সড়কে দু’টি সেতুর উদ্বোধন, ভিত্তিপ্রস্তুর স্থাপন ও সেতুর চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
বিএনপির নির্বাচন বর্জনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘অগ্রহণযোগ্য প্রমাণ করার জন্যই বিএনপি সিটি নির্বাচন বর্জন করেছে। তারা আন্দোলনের ট্রেন মিস করেছে, নির্বাচনের ট্রেন থেকে মাঝপথে নেমে গেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।’
এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক, পৌর মেয়র মো. রমজান আলী উপস্থিত ছিলেন।

