চিতলমারীতে ছিন্নমূল বস্তিবাসীরা আশ্রয়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে অবহেলিত ছিন্নমুল মানুষেরা আশ্রয়ের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে। শনিবার বেলা ১২ টায় উপজেলার ছিন্নমুল মানুষ (বস্তিবাসি) কুরমনি ওয়াপদা এলাকায় ১০২টি পরিবার আশ্রয়ের জন্য চিতলমারী বাজারের প্রধান সড়কে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করেন। সাধারন খেটে খাওয়া বস্তিবাসী চিতলমারীসহ বিভিন্ন এলাকার ভূমিহীন হওয়ায় চিতলমারী উপজেলার শহীদ মিনারের দক্ষিণ পার্শ্বে কুরমনি ওয়াপদার বেড়ী বাঁধে প্রায় ২০-২৫ বছর ধরে বসবাস করে আসছে। গত ১৬ মার্চ ৫৮১নং স্মারকে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের কুরমনি ওয়াবদার পাড়ে বসবাসরত ১০২টি পরিবারকে নোটিশযোগে ২৫ মার্চের মধ্যে ওয়াবদার পাড় খালি করার নির্দেশ প্রদান করা হয়। নির্ধারিত সময়ে ওয়াবদা খালি না করায় পরবর্তীতে চুড়ান্ত ভাবে ২৯ মার্চ ৬১০(১০২) নং স্মারকে ওয়াবদা পাড় ৪ এপ্রিল খালি করার জন্য চুড়ান্ত নোর্টিশ প্রদান করা হয়। এ সময় ছিন্নমূল বস্তিবাসীরা জানায়, এখান থেকে আমাদের উচ্ছেদ করা হলে অন্য কোথাও ভাড়া বা স্থায়ী সম্পত্তিতে বসবাস করার কোন সামর্থ নাই। এ ব্যাপারে বস্তিবাসী আশ্রয়ের দাবীতে চিতলমারী উপজেলা পরিষদের মধ্যে মানব বন্ধন করলে বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে এবং জেলা প্রশাসকের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

