গোপালগঞ্জের নিজড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি ঘর, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে নিঃস্ব পরিবার
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ও স্থানীয় সূত্রে সরে জমিনে জানা যায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে, এতে একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র অনুযায়ী, গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ বসতঘরের পাশে থাকা একটি কাছারি ঘরে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। মুহূর্তের মধ্যে আগুন বসতঘর ও রান্নাঘরসহ পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে গোপালগঞ্জ সদর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরসহ তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান জয়তুন বেগম জানান, আগুনে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। দৈনিক প্রাণের বাংলা পত্রিকার স্টাফ রিপোটার ফায়েক মোল্লা এর নিজের বাড়ী। বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের থাকার জায়গা ও খাবারের ব্যবস্থাও অনিশ্চিত হয়ে পড়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার, স্থানীয়রা কিংবা ফায়ার সার্ভিস—কেউই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি।
এ ঘটনায় পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে বা অন্যের আশ্রয়ে থাকার মতো কঠিন পরিস্থিতিতে পড়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং সরকারি-বেসরকারিভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

