কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৬৯ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৮৪
মোঃ জাবেদ হোসেনঃডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার, কুমিল্লার তত্ত্বাবধানে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একযোগে ৪৫টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলায় সর্বমোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
