রূপসা ফেরিঘাটে ভিক্ষারত শিশুকে উদ্ধার, অভিযুক্ত আটক
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে ভিক্ষা করানো অবস্থায় ৬ বছরের শিশু সোয়াইব হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে (৩০) আটক করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ৬ মাস পূর্বে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে পাবনা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। এরপর তাকে একটি কক্ষে আটকে রেখে সিগারেট ও কয়েলের ছ্যাঁকা, দাঁতের কামড় এবং শারীরিক নির্যাতন করা হয়। এমনকি তার একটি আঙুলের নখও উপড়ে ফেলা হয়। দিনে বিভিন্ন এলাকায় নিয়ে শিশুটিকে দিয়ে ভিক্ষা করানো হতো।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পর শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে সে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারের পর সন্তানের শারীরিক অবস্থা দেখে মা সোহানা জাহানও প্রথমে তাকে চিনতে পারেননি।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম। সংগঠনটি শিশুটির ওপর বর্বর নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এই অপরাধীর মাধ্যমে বড় বড় গ্যাং গুলো ধরতে না পারলে, জীবন ঝুকির মধ্যে পড়ছে শিশুরা, বাড়বে ভিক্ষাবৃত্তি, ধ্বংস হবে আগামী দিনের ভবিষ্যৎ। অধিকাংশ ন্যাটিজেনদের দাবি, সরকার এ ধরণের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

