খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা
সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১৫ টাকা কেজি চাল) বিতরণে অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট, বটিয়াঘাটায় ডিলারকে জরিমানা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। অভিযানে সংশ্লিষ্ট ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাতিয়ানাংলা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. কুদ্দুস ফকির, পিতা-মো: রমজান ফকির দীর্ঘদিন ধরে উপকারভোগীদের প্রতি ৩০ কেজির বস্তায় ২ থেকে ৩ কেজি চাল কম দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার চাল বিতরণের সময় উপকারভোগীরা বিষয়টি নিয়ে অভিযোগ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে সংশ্লিষ্ট ডিলারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় কৃষক দলের সভাপতি মো. মোফিজুর রহমান হালদার এবং বটিয়াঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এস. হাসান উপস্থিত থেকে উপকারভোগীদের পক্ষে কথা বলেন। তারা খাদ্যবান্ধব কর্মসূচিতে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান বলেন, “সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। অভিযোগের বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মোবাইল কোর্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় উপকারভোগীরা বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে সরকারি খাদ্য সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছাবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে।

