পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইয়ের মতবিনিময় সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।শুক্রবার (৩ জুলাই) রাত ৯টায় পিরোজপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় পিরোজপুর প্রেস ক্লাব, পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইকে।মতবিনিময় সভায় সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই বলেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাঁর কোনো ভুল-ত্রুটি থাকলে নির্ভয়ে গঠনমূলক সমালোচনা করতে। একই সঙ্গে তিনি গণমাধ্যমের স্বাধীনতার নামে অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় জেলার গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।

