যোগদান করেই পুলিশ সুপারের চমক: কচুয়ায় বৃদ্ধা হত্যা মামলার রহস্য ৭ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ১

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের কচুয়া উপজেলায় এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার চুরির ঘটনায় সংবাদ পাওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে অভিযুক্তকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পরপরই এই দ্রুত অভিযান পরিচালনার মাধ্যমে আলোচনায় এসেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুন রাত সাড়ে ৯টা থেকে ২৯ জুন ভোর ৫টার মধ্যে কচুয়া উপজেলার বেরকোটা ইউনিয়নের মিয়াজি বাড়িতে সিঁধ কেটে একটি ঘরে প্রবেশ করে চোর। এ সময় ঘরের বাসিন্দা ফাতেমা বেগম (৭৫) চোরকে চিনে ফেললে এবং বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘর থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি জানার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), কচুয়া সার্কেল এবং কচুয়া থানার অফিসার ইনচার্জকে দ্রুত তদন্ত ও আসামি গ্রেফতারের নির্দেশ দেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে গঠিত একটি দল অভিযান চালিয়ে ২৯ জুন সকাল আনুমানিক ১১টায় সন্দেহভাজন মোঃ ইয়াসিন মিয়াজী (২২)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ২২ ক্যারেটের এক জোড়া কানের দুল এবং গলার চেইনের ছেঁড়া অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার ৮৫৯ টাকা। উদ্ধারকৃত আলামত কচুয়া থানার হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *