জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ আটক ১

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে খায়রুল (৪৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দুপুরে জামালপুর পৌর শহরের কাজির আখ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পৌর শহরের কাজির আখ এলাকায় খায়রুল তার নিজ বাড়িতে তার প্রতিবেশী ১৫ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে গোসলখানায় নিয়ে ধর্ষণ করে খায়রুল। তারপর কিশোরীর চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে গিয়ে খায়রুলকে আটক করে ও কিশোরীকে উদ্ধার করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থল থেকে পুলিশ খায়রুলকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাজির আখ এলাকার এক ব্যক্তি বলেন, প্রায় ৫০ বছর বয়সী ব্যক্তি একজন ১৫ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে বিষয়টি খুবই লজ্জার। এটা আমাদের এলাকার মানসম্মান নষ্ট করেছে। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি, তদন্ত নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।নির্যাতনের শিকার কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *