এমপি আবুবকরের উদ্যোগে নতুন হাটখোলা বাজারে মনিটরিং মুরগির দামে অনিয়মে ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি-
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি ফেরাতে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, শহর আমীর ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, একই ধরনের মুরগি বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। কোথাও সোনালী মুরগি ৩০০ টাকায়, আবার পাশের দোকানেই ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ব্রয়লার মুরগির দামও কোথাও ১৯০ টাকা, কোথাও ১৮০ টাকা রাখা হয়েছে। এ ধরনের মূল্য বৈষম্য দেখে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

এ সময় এমপি আলী আজম মোঃ আবুবকর বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করেই আমরা বাজার মনিটরিং জোরদার করেছি। কেউ যেন অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে না ফেলে, সেদিকে কঠোর নজর রাখা হবে। ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানাচ্ছি।

ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *