চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির চাঁদপুর জেলা পরিদর্শন: আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর দিকনির্দেশনা, পুলিশি সেবায় গতি আনতে জোরালো বার্তা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর, গত ১০ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি মোঃ মনিরুজ্জামান-এর চাঁদপুর জেলা পরিদর্শনকে ঘিরে পুরো জেলা পুলিশে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ সফরে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, থানা পর্যায়ের কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা এবং পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর এই সফরকে চাঁদপুর জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি সঞ্চারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সকালে আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা সার্কিট হাউজে পৌঁছালে ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত, চৌকস ও শৃঙ্খলাবদ্ধ দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে, যা পুরো আয়োজনকে করে তোলে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
পরবর্তীতে বেলা ১১ টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার রবিউল হাসানের সভাপতিত্বে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি মনিরুজ্জামান পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি এবং সেই লক্ষ্য অর্জনে পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে আরও সক্রিয় ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, আবাসন সুবিধা, কর্মপরিবেশ উন্নয়ন এবং দায়িত্ব পালনে উদ্দীপনা বৃদ্ধির বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তদন্ত কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সভা শেষে ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট, ব্যারাক, মেস, অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন এবং সেখানকার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি পুলিশ সদস্যদের সঙ্গে পুলিশ লাইন্স জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একইসঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
বিকাল ২ টা ৩০ মিনিটের সময় তিনি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও চলমান আইন-শৃঙ্খলা সংক্রান্ত উদ্যোগ সম্পর্কে অবহিত হন। এরপর জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় পরিদর্শন করে গোয়েন্দা কার্যক্রমের অগ্রগতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করেন এবং তা আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এরপর বিকাল ৪ টায় তিনি হাজীগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শনে যান। সেখানে থানার দৈনন্দিন কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, মামলা পরিচালনা, সেবা প্রদান এবং জনসাধারণের সঙ্গে পুলিশের আচরণ সম্পর্কে সরেজমিনে মূল্যায়ন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জনগণবান্ধব পুলিশিং জোরদার করার নির্দেশ দেন এবং দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সারাদিনব্যাপী এই পরিদর্শনের মাধ্যমে ডিআইজি মনিরুজ্জামান চাঁদপুর জেলার পুলিশি কার্যক্রমের বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং তা উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর এই সফর জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন পুলিশ সদস্যদের মাঝে দায়িত্ববোধ, কর্মোদ্দীপনা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ভবিষ্যতে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *