ঝিনাইদহে প্রশাসনে পরিবর্তন-ডিসি মাসউদ প্রত্যাহার, নতুন দায়িত্বে নোমান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়। এছাড়া অপর আদেশে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নোমান হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ হতে আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপর আদেশে একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া অডিওতে ইউএনও হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে মোবাইলে কথা বলতে শোনা গেছে। সেখানে তিনি ওই সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে (ইউএনও) টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন।

ইউএনও বলেন, ‘একটা মানুষের যত খারাপ দোষ থাকে সব কিছুই তার আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। তার কোনো চরিত্র নাই। লাখ টাকার দুর্নীতি করেন। তা আপনারা নিউজ করেন না।’ তিনি আরো বলেন, ‘তিনি খারাপ লোক। তার সাথে কি নাইট স্টে করতে হবে। বারবার পরিষদে বিধিবহির্ভূত বরাদ্দ নিতে বলেন। আমি তাতে রাজি হয়নি। আমার অসুস্থ দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলেছেন।’

এ অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার কয়েক দিন ওই ইউএনওকে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার তালায় বদলি করা হয়েছিল।এরপর অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর তাকে আবারও সাতক্ষীরার তালা থেকে রাজশাহী বদলি করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও হোসনে আরাকে উপজেলা নির্বাহী অফিসার হতে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

এ ঘটনায় জেলাজুড়ে আবার নতুন করে আলোচনা-সমালোচনা শুরুর মধ্যেই আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা করে নতুন ডিসি নিয়োগ আদেশ দেওয়া হলো।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *