চাঁদপুরে জ্বালানি তেলের হিড়িক: পাম্প পরিদর্শন

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক মহোদয়ের পরামর্শ অনুযায়ী চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ দুটি পেট্রোল পাম্প—আমির হোসেন খান পেট্রোল পাম্প ও শারমিন পেট্রোল পাম্প—সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
গত ৬ এপ্রিল (দুপুরে) চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ সরাসরি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে দেখা যায়, জ্বালানি তেল সংগ্রহের জন্য সাধারণ মানুষ ও যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে, যা শহরের সামগ্রিক পরিবহন ব্যবস্থায় চাপ তৈরি করছে।
পরিদর্শন টিম পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে, প্রকৃত প্রয়োজন ব্যতীত অতিরিক্ত তেল সরবরাহ না করার জন্য অনুরোধ জানানো হয়, যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সকল গ্রাহক ন্যায্যভাবে জ্বালানি পেতে পারেন।
এ সময় অবৈধভাবে তেল মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। বলা হয়, কেউ যদি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুদ করে বা অবৈধভাবে বিক্রি করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনের সময় স্থানীয়দের কাছ থেকে বেশ কিছু অভিযোগ উঠে আসে। অভিযোগ রয়েছে, কিছু মোটরসাইকেল আরোহী একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন এবং পরবর্তীতে খোলা বাজারে বেশি দামে তা বিক্রি করছেন। এতে করে সাধারণ ভোক্তারা বঞ্চিত হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
এ ধরনের অনিয়ম ও অসাধু কার্যকলাপ রোধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সচেতন মহল মনে করছেন, যথাযথ তদারকি, নিয়মিত মনিটরিং এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এ সংকট নিরসন সম্ভব। একই সাথে সাধারণ জনগণকেও অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।সবাই সচেতন হই, কৃত্রিম সংকট রোধ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *