পিরোজপুরে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে নবম জাতীয় পে-স্কেল দ্রুত ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর এলজিইডি কার্যালয়ের সামনে বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলজিইডি, পিরোজপুর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিইডি কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী লায়লা মিথুন। তিনি বলেন, “বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে আমরা এ দাবিটি জানিয়ে আসছি। দ্রুত সময়ের মধ্যে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও এর গেজেট প্রকাশ না হলে কর্মকর্তা-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়বেন।তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হচ্ছে।মানববন্ধনে এলজিইডি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন

