ডাকসুতে প্রাথমিক হিসাবে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আটটি কেন্দ্রের মধ্যে সাতটিতে প্রাথমিকভাবে ভোট পড়ার হার পাওয়া গেছে। মোট ভোটার সংখ্যা: ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।
নির্ধারিত ৮টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কত শতাংশ ভোট পড়েছে, তার হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে মোট ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আর কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে মোট ১৩০০ জন ভোটারের মধ্যে ১০৮৩টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। ওই কেন্দ্রের শহীদুল্লাহ্ হলে ২০০৫ জন ভোটারের মধ্যে ১৬০৯ এবং ফজলুল হক মুসলিম হলে ১৭৭২ জন ভোটারের মধ্যে ১৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরার হিসেবে এটি যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ।
এ ছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হলের মধ্যে জগন্নাথ হলের ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি। এ হলে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২২ জন। এ হিসেবে জগন্নাথ হলের মোট ভোটারের ৮৩ শতাংশ কাস্ট হয়েছে। এ ছাড়া সার্জেন্ট জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৬০ জন। অর্থাৎ এ হলে ভোট কাস্ট হয়েছে ৮৪ দশমিক ৪৬ শতাংশ। আর স্যার ফজলুল হক মুসলিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ৫৫৩টি, যা ৮২ দশমিক ৮৩ শতাংশ।
শারীরিক শিক্ষা কেন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক বলেন, এ কেন্দ্রের তিনটি বুথে সবমিলে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হয়েছে। শতকরার হিসেবে এটির হার ৮৩.২১ ভাগ।
উদয়ন ভোট কেন্দ্রে মোট ভোটার ৬১৫৫। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ৫৩১৫টি। ভোট কাস্টিংয়ের হার ৮৫ শতাংশ। এর মধ্যে সূর্যসেন হলের ১৫০৬ জনে ভোট দিয়েছেন ১৩১৬ জন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভোট কাস্ট হয়েছে ১৩১৫টি। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৭৫৩ জন। শেখ মুজিবুর রহমান হলের ১৬৬৫ ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ১৩৭৯টি। আর কবি জসীম উদদীন হলে মোট ভোটার ছিলেন ১৩০৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১১৭ জন।
নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল ও রোকেয়া হলে ভোট কাস্টের হার যথাক্রমে ৮২ শতাংশের বেশি ও ৬৯ শতাংশ হয়েছে।
ডাকসুতে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রির্টানিং কর্মকর্তারা প্রাথমিক হিসাব দিয়ে জানান, কার্জন হল কেন্দ্রে ৮০ শতাংশের বেশি, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৮৩, টিএসসি কেন্দ্রে ৬৯, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৬৭, উদয়ন স্কুল কেন্দ্রে ৮৪-৮৫, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৬৫ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে ৬৫ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

