ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝিনাইদহে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দৌড়টি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এতে শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার ২১০ জন প্রতিযোগী অংশ নেন।
পরে স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, চিকিৎসক মিথিলা ইসলাম প্রমুখ। কারিগরি সহায়তা দেয় জেলা ক্রীড়া অফিস এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করে সদর হাসপাতাল ও ফায়ার সার্ভিসের টিম।

