বটিয়াঘাটায় পুলিশের ঝটিকা অভিযান: অপহরণের সময় দুই আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এ সময় অপহরণের শিকার ইমন হোসেন নামে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে ভিকটিমের চুরি হওয়া মোটরসাইকেলও।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বটিয়াঘাটা থানাধীন মল্লিকের মোড় এলাকায় ইমন হোসেন নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় অপহরণের চেষ্টাকালে দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার এবং ইমন হোসেনকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) এবং মো. আরিফ (২০)। তারা দুজনই খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া (ওয়াপদা রোড) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এদিকে, একই রাতে পুলিশের পৃথক আরেকটি অভিযানে ইমন হোসেনের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বটিয়াঘাটা থানাধীন জলমা ফেরিঘাট-সংলগ্ন দুর্গামন্দিরের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *