পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল ও ব্যবসায়িক তথ্যভান্ডার নিয়ে সেমিনার

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর :

পিরোজপুর জেলায় কর্মসংস্থানে নারী-পুরুষের অংশগ্রহণে বড় ধরনের বৈষম্য বিদ্যমান। অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য অনুযায়ী, জেলায় মোট ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জন কর্মে নিয়োজিত রয়েছেন। এর মধ্যে নারীর অংশগ্রহণ মাত্র ১১ দশমিক ৭৬ শতাংশ, বিপরীতে পুরুষের অংশগ্রহণ ৮৮ দশমিক ২৪ শতাংশ। এ বৈষম্য নিরসনে নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠপর্যায়ে জরিপ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের অত্যন্ত সতর্কতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি তথ্য নির্ভুলভাবে সংগ্রহ ও লিপিবদ্ধ করতে হবে। কোনো তথ্য বাদ দেওয়া কিংবা ভুল তথ্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা যাবে না। কারণ, সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।তিনি আরও বলেন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য কমাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। নির্ভুল পরিসংখ্যানের মাধ্যমে জেলার অর্থনৈতিক বাস্তবতা চিহ্নিত করে কার্যকর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য সঠিক তথ্য-উপাত্তের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরতে সংশ্লিষ্ট সবাইকে জরিপ কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ। তিনি অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল, জেলার কর্মসংস্থান পরিস্থিতি, ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর)-এর গুরুত্ব ও কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন।সেমিনারে বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উঠে আসে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাত চিহ্নিত করা সম্ভব। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে শুমারির তথ্যের যথার্থতা বজায় রাখার পাশাপাশি নারী-পুরুষের সমান অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *