ভেজালের সারিতে আটাতেও এখন বালি!

খুলনার বটিয়াঘাটায় লুজ আটা নিয়ে ভোক্তাদের অভিযোগ, রুটি খেতে পারছেন না দীর্ঘদিনের ক্রেতারা; উৎপাদনকারী মিল ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত দাবি

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:

তেল, চাল, ডাল—নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভেজালের অভিযোগ নতুন নয়। এবার সেই ভেজালের তালিকায় যুক্ত হয়েছে মানুষের প্রতিদিনের খাদ্য আটা! খুলনার বটিয়াঘাটা বাজারে খোলা বা লুজ আটা কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দীর্ঘদিনের ক্রেতারা। তাঁদের অভিযোগ, আটার মধ্যে বালু কিংবা বালুর মতো শক্ত দানাদার পদার্থ থাকায় তৈরি করা রুটি খাওয়াই কঠিন হয়ে পড়েছে।

বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে নিয়মিত আটার রুটি খেয়ে আসা ব্যক্তিরা পড়েছেন বিপাকে। তাঁদের প্রশ্ন, যে খাবারকে স্বাস্থ্যকর বিকল্প মনে করে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা হচ্ছে, সেই খাবারেই যদি বালু মেশানো থাকে, তাহলে নিরাপদ খাদ্য মিলবে কোথায়?
ভুক্তভোগীদের ভাষ্য, তাঁরা গত ১০-১৫ বছর ধরে নিয়মিত আটা কিনে রুটি খাচ্ছেন। কিন্তু সম্প্রতি কয়েক দিন ধরে বটিয়াঘাটা বাজারের কিছু দোকান থেকে কেনা খোলা আটায় অস্বাভাবিক দানাদার পদার্থ পাওয়া যাচ্ছে। এতে আটার মান নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, ক্রেতারা আটা ফেরত দিতে গেলে দোকানিরা দায় এড়িয়ে বলছেন, তাঁরা নিজেরা গম ভাঙিয়ে আটা তৈরি করেন না। খুলনার বিভিন্ন দোকান বা সরবরাহকারীর কাছ থেকে আটা কিনে এনে বিক্রি করেন। ফলে আটা তৈরির প্রকৃত উৎস কিংবা এর মধ্যে কী মেশানো হচ্ছে, সে বিষয়ে তাঁদেরও স্পষ্ট ধারণা নেই।

এখানেই সামনে আসছে গুরুত্বপূর্ণ প্রশ্ন—আটায় বালু বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পদার্থ মিশছে কোথায়? গম ভাঙানোর মিল থেকে, নাকি পাইকারি সরবরাহের কোনো পর্যায়ে? নাকি খুচরা বিক্রির সময় এমনটি ঘটছে? যথাযথ নমুনা পরীক্ষা ও সরবরাহব্যবস্থা অনুসন্ধান ছাড়া এ প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়।

তদারকি কমিটির দিকে তাকিয়ে আছেক ক্রেতারা:
বাজারে খাদ্যপণ্যের গুণগত মান ও ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্ব রয়েছে। স্থানীয় বাজারে এ ধরনের অভিযোগ যখন উঠেছে, তখন নিয়মিত তদারকি, নমুনা সংগ্রহ ও পরীক্ষার দৃশ্যমান উদ্যোগের আশায় ক্রেতারা।

আইন আছে, প্রয়োগ কোথায়?
বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী খাদ্যের নিরাপত্তা ও বিশুদ্ধতা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আইনের ৭৮ ধারায় খাদ্যের বিশুদ্ধতা নিয়ে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের টোল ফ্রি হটলাইন ১৬১৫৫-এ নিরাপদ খাদ্যসংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এ অবস্থায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, উপজেলা নিরাপদ খাদ্য-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাঁদের দাবি, বটিয়াঘাটা বাজারের বিভিন্ন দোকান থেকে লুজ আটার নমুনা সংগ্রহ করে স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করতে হবে। পরীক্ষায় বালু বা অন্য কোনো অননুমোদিত পদার্থের উপস্থিতি পাওয়া গেলে আটা উৎপাদনকারী মিল, সরবরাহকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পাইকারি সরবরাহকারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রশাসনের সামনে ডেকে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক এনায়েত আলী বিশ্বাসও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানিয়েছেন।

মানুষের প্রতিদিনের খাবার আটা। সেই আটায় যদি বালু কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পদার্থ মেশানোর অভিযোগ ওঠে, তাহলে বিষয়টি নিছক ব্যবসায়িক অনিয়ম নয়, জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ। তাই অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রশ্ন একটাই—ভেজালমুক্ত খাবার পাওয়ার অধিকার কি শুধু কাগজে-কলমেই থাকবে, নাকি এবার সত্যিই মাঠে নামবে প্রশাসন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *