কার্পেটিংয়ের ৬ দিনেই ধস, সাড়ে ৬ কোটি টাকার সড়কে ফাটল! ৫০ মিটার সড়ক ধসে বিলীন, আরও ৯ স্থানে ফাটল-ধস; নিম্নমানের কাজের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি:
কার্পেটিং শেষ হওয়ার মাত্র ছয় দিনের মাথায় শরীয়তপুরের গোসাইরহাটে ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে পাশের খাল থেকে মাটি এনে ব্যবহার করা হলেও ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ধসে পড়া স্থানটি নির্মাণকাজ চলাকালীনও একবার ভেঙে পড়েছিল। তখন যথাযথ সংস্কার না করায় আবারও একই স্থানে ধস নেমেছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজ করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়ই এই জায়গায় ভাঙছিল। খালের পাশ থেকে মাটি এনে দেওয়া হয়েছিল। আমরা নিষেধ করলেও কথা শোনেনি। প্রথমবার ভাঙার পর ঠিকমতো কাজ করলে আজ এমন হতো না।’

আরেক বাসিন্দা নিজাম ঢালী বলেন, ‘রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, কিন্তু করা হয়নি। উল্টো পাশ থেকে মাটি কেটে রাস্তায় দিয়েছে। আমরা টেকসই মেরামত চাই।’

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জিয়াউর রহমান বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে ধস হয়েছে। নির্মাণাধীন কাজ হওয়ায় আমরা সমাধান করে দেব।’

এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাঁকে ঠিকাদারের সঙ্গে কথা বলার পরামর্শ দিতে শোনা যায়।

এদিকে, সড়কের একাধিক স্থানে ধস ও ফাটলে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত সড়ক মেরামতের পাশাপাশি পুরো নির্মাণকাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *