১৩২ কর্মচারীর অভিযোগে আলোচিত ফ্যাসিস্ট ডাঃ ইউসুফ আলী আসছেন না ঝিনাইদহ সদর হাসপাতালে
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে ১৩২ কর্মকর্তা-কর্মচারীর লিখিত অভিযোগের মুখে পড়া ডা. মো. ইউসুফ আলী আর ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে আসছেন না। তাঁকে এ হাসপাতালে পদায়নের সিদ্ধান্ত ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নতুন প্রজ্ঞাপনে পরিবর্তন এসেছে। ফলে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে ডা. মো. মোস্তাফিজুর রহমানই বহাল থাকছেন।
জানা যায়, গত ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঝিনাইদহ সদর হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে তাঁর স্থলে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. মো. ইউসুফ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করা হয়েছিল।
তবে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে শার্শায় দায়িত্ব পালনকালে ১৩২ কর্মকর্তা-কর্মচারীর লিখিত অভিযোগের বিষয়টি সামনে আসার পর তাঁর পদায়ন নিয়ে ঝিনাইদহে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযোগকারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে তাঁর বিরুদ্ধে অসদাচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, পাওনা টাকা পরিশোধে বিলম্ব, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছিলেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোরের সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় তদন্ত দল সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অভিযোগকারীদের পৃথকভাবে লিখিত জবানবন্দিও নেওয়া হয়। তবে এসব অভিযোগের তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ডা. ইউসুফ আলী অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।
এদিকে ডা. ইউসুফ আলীর নামে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২২০০১৫১ নম্বরের আজীবন সদস্যপদের তথ্য রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। তাঁর এই সাংগঠনিক পরিচয় এবং শার্শায় ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগের বিষয়টি সামনে আসার পর ঝিনাইদহ সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে তাঁর পদায়ন নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।
অবশেষে গত ২২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন প্রজ্ঞাপনে পদায়নসংক্রান্ত সিদ্ধান্তে পরিবর্তন আসে। এতে ডা. মোস্তাফিজুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে বহাল রাখা হয়েছে। ফলে আলোচিত ডা. ইউসুফ আলীর ঝিনাইদহ সদর হাসপাতালে যোগদানের বিষয়টি আর কার্যকর হচ্ছে না।
উল্লেখ্য, ডা. ইউসুফ আলীর পদায়ন নিয়ে বিতর্কের পাশাপাশি হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছিল। নতুন প্রজ্ঞাপনের ফলে আপাতত সেই বদলির সিদ্ধান্তের পরিবর্তে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বেই থাকছেন।##

