নালিতাবাড়ী পুলিশের ধাওয়া, নকলা পুলিশের চেকপোস্টে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার।

মোঃ আরিফুর রহমান,
স্টাফ রিপোর্টার

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের ধাওয়া খেয়ে অবশেষে নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছেন শাহিন আলম (৩০) নামে এক যুবক। ২২ নভেম্বর রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন আলম ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদ নিয়ে এক যুবক আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই যুবককে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে নালিতাবাড়ী উপজেলার সীমানা ছাড়িয়ে নকলা বাইপাস এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নকলা থানা পুলিশকে জানায়। পরে নকলা থানা পুলিশ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল যোগে আসা শাহিন আলমকে আটক করে তার কাছে থাকা দুই ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪ বোতল মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় চুরা চালান কারবারী বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *