ঝিনাইদহে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ছাত্রলীগের স্লোগানের ভিডিও ভাইরাল
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা –
গভীর রাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ জয় বঙ্গবন্ধু’ ও শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক উপসম্পাদক রিমন হাসান হৃদয়। এ সময় জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে কয়েকজন যুবক ঘটনাস্থলে আসেন। এরপর বোতল থেকে সড়কের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কিছুক্ষণ অবস্থানের পর তাঁরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
বিষয়টি জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।##

