যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলাইমান আলী (৬৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
নিহত সোলাইমান আলী বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার শহরের রিকশা স্ট্যান্ড থেকে তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁরা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন। পথের মধ্যে ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সোলাইমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খয়রাবাজ গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, খবর পেলে ঘটনাস্থল গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থল নওগাঁ জেলার সীমানা মধ্যে হওয়ায় পরে নওগাঁ সদর মডেল থানা পুলিশ কে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা কাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *