মাধবপুরে গভীর রাতে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজাসহ আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকার জব্দসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল সন্দেহভাজন সিলভার রঙের প্রাইভেটকারটিতে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) ও জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)। মহিউদ্দিনের স্থায়ী ঠিকানা ইটাখোলা এলাকায় বলে জানা গেছে।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এসআই জামাল মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
উদ্ধার করা গাঁজা ও জব্দ করা প্রাইভেটকারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

